আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এতে আরও বলা হয়েছে, সম্পাদক পরিষদ রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে যেন নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীত অনুরোধ করা হচ্ছে, যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্পাদক পরিষদ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনের সময় সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।