নেটদুনিয়ায় প্রকাশিত হয়েছে কিংবদন্তি ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এর ট্রেলার, যা মাইকেল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতেই লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়। মাত্র এক দিনের মধ্যে এটি ৫ মিলিয়নেরও বেশি ভিউ সংগ্রহ করেছে।
বিগ বাজেটের এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে দেখা যায়, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক এবং নৃত্যশৈলীতে মাইকেলের চরিত্র যেন জীবন্ত হয়ে উঠেছে।
ট্রেলারে দেখা গেছে, তার শৈশব, বেড়ে ওঠা, গানের জগতে প্রবেশ এবং কোটি ভক্তের হৃদয় জয় করার মুহূর্তগুলো। মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় মাইকেল জ্যাকসনের জীবন, নৃত্য, গান, অভিনয় এবং সমাজসেবা জীবনের এক সংক্ষিপ্ত চিত্র ফুটে উঠেছে।
বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন তিনবারের অস্কার মনোনীত জন লোগান। জাফারের সঙ্গে সিনেমাতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গো।
উল্লেখ্য, মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন লসঅ্যাঞ্জেলেসে হৃদরোগে মারা যান। বায়োপিক ‘মাইকেল’ চলতি বছরের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে।