সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

ইরানে হামলার পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি তুরস্কের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ইরানের ওপর যেকোনো ধরনের মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানিয়েছেন, তেহরানের ওপর সামরিক আগ্রাসন হবে বড় ভুল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান ওয়াশিংটন ও তেহরানকে তাদের দীর্ঘদিনের বিরোধগুলো কূটনীতির মাধ্যমে সমাধানের আহ্বান জানান। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইরান আবারও তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত।

ফিদান মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, ইরানের সাথে সব বিরোধ একসঙ্গে সমাধান না করে ধাপে ধাপে বা একে একে আগানো উচিত। তার মতে, সব অমীমাংসিত বিষয়কে একটি প্যাকেজ হিসেবে উপস্থাপন করলে তা তেহরানের জন্য গ্রহণ করা বা হজম করা কঠিন হবে। এমনকি এটি তাদের জন্য অবমাননাকর হিসেবেও বিবেচিত হতে পারে। ফলে শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হতে পারে। ফিদান মনে করেন, প্রথমে পরমাণু ইস্যুটি সমাধান করে এরপর অন্যান্য আঞ্চলিক বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।

আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের জন্য একটি আদর্শ অবস্থান তৈরির সুযোগ রয়েছে। তবে সে জন্য দেশটিকে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। আদর্শিক বা ধর্মীয় পার্থক্য থাকলেও এই অঞ্চলের দেশগুলোকে জাতি-রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকেই একে অপরের সাথে সহযোগিতা করতে হবে বলে তিনি জোর দেন। বর্তমান যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ করে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন হাকান ফিদান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102