সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ট্রাম্পের কটূক্তির পরই মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমরের ওপর হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি টাউন হল বৈঠক চলাকালে হামলার শিকার হয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিবিউরিটি বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চের দিকে দৌড়ে এসে তার ওপর অজ্ঞাত তরল স্প্রে করেন।

ঘটনার সময় মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমর বক্তব্য দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক অজ্ঞাতনামা ব্যক্তি হঠাৎ মঞ্চের দিকে ছুটে আসেন এবং একটি স্বচ্ছ তরল তার দিকে ছিটিয়ে দেয়। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে নিয়ন্ত্রণে নেয়। ইলহান ওমর কিছুটা বিচলিত হলেও তিনি শারীরিকভাবে আহত হননি।

হামলাকারী কী বলছিলেন বা কী ধরনের তরল ব্যবহার করা হয়েছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলা হওয়ার আগ পর্যন্ত ইলহান ওমর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সমালোচনা করছিলেন এবং তার পদত্যাগ অথবা অভিশংসনের দাবি জানাচ্ছিলেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলুপ্ত করার বিষয়েও আলোচনা করছিলেন।

হামলার পর আশপাশের লোকজন তাকে মঞ্চ ছেড়ে বেরিয়ে গিয়ে পরীক্ষা করানোর অনুরোধ জানান। একজনকে বলতে শোনা যায়, ছিটানো তরলটির গন্ধ খুবই খারাপ। তবে এসব অনুরোধ উপেক্ষা করে ইলহান ওমর আবার মঞ্চে ফিরে বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, ‘আমরা কথা বলা চালিয়ে যাব। দয়া করে তাদের এই মঞ্চটা দখল করতে দেবেন না।’

তিনি আরও বলেন, ‘এই কুৎসিত মানুষটির মতো লোকেরা একটি বিষয় বোঝে না- আমরা মিনেসোটাতে শক্তিশালী। আর তারা আমাদের দিকে যা কিছুই ছুড়ে দিক না কেন, আমরা দৃঢ় থাকব।’ আমার জন্য ক্রিস্টি নোয়েমের পদত্যাগ দাবি করা এবং এ বিষয়ে নেতৃত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’

ইলহান ওমরের দপ্তর এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনী ও মিনিয়াপোলিস পুলিশ দ্রুত হামলাকারীকে আটক করেছে এবং তিনি এখন হেফাজতে রয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলহান ওমর লেখেন, ‘আমি ঠিক আছি। আমি একজন সারভাইভার। এই ছোট উসকানিদাতা আমাকে আমার কাজ থেকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। আমি বুলিদের জিততে দিব না।’

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে তৃতীয় ডিগ্রির হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে এবং ইলহান ওমর আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়ায় এক অনুষ্ঠানে ইলহান ওমরকে নিয়ে কটূক্তি করেন। তিনি ওমরের জন্মভূমি সোমালিয়াকে ‘একটি বিপর্যস্ত দেশ’ বলে মন্তব্য করেন। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বারবার ইলহান ওমরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন এবং সোমালি অভিবাসীদের লক্ষ্য করে তাকে ‘আবর্জনা’ বলেও আখ্যা দিয়েছেন।

সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে নাগরিকত্ব পাওয়া ইলহান ওমর এসব মন্তব্যের কড়া প্রতিবাদ করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে তার প্রতি ‘ভীতিকর এক ধরনের আসক্তি’ থাকার অভিযোগ তোলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)ও হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, বছরের পর বছর ধরে ইলহান ওমরের বিরুদ্ধে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী উসকানির ফল হিসেবেই এই হামলা হয়েছে। সূত্র: আনাদোলু

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102