বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ডোপ টেস্টের খবর পেয়ে চাঁদপুরে পুলিশ কর্মকর্তার গা-ঢাকা দেওয়ার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগের খবর পাওয়ার পর গত দুই দিন ধরে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ও বুধবার (১৬ সেপ্টেম্বর) তার বাসায় পুলিশ সদস্যরা গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ সদস্যের মধ্যে এসআই মামুন উর রশিদের আচরণ নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। তিনি নিয়মিত মাদক সেবন করেন- এমন অভিযোগও রয়েছে। বিষয়টি যাচাই করতে তাকে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে ডোপ টেস্টের খবর পাওয়ার পর তিনি কর্মস্থলে না আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা তার বাসায় যান। তবে দুই দিন গিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার ও বুধবার দুই দিনই পুলিশ সদস্যদের তার বাসায় পাঠানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও মঙ্গলবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ফাঁড়িতে কর্মরত সদস্যদের মধ্যে যাদের আচরণ সন্দেহজনক মনে হবে, তাদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসআই মামুন উর রশিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের সত্যতা ডোপ টেস্টের ফল ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102