ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হতাহতের সংখ্যা জানানো হয়েছে। তদন্ত ও উদ্ধার কার্যক্রম এগোনোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলকে দেশটিতে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় হারের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের বেহাল অবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় আট লাখ মানুষ আহত হন।