সুন্দরবন সংলগ্ন শিল্প ও পর্যটন উপজেলা রামপালের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিস তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে সভায় জানানো হয়, গত মাসের তুলনায় এ মাসে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। তবে কয়েকটি বিষয়ে এখনও নজরদারি প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ,উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,উপজেলা শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা সহ উপজেলার কর্মরত কর্মকর্তাগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, বিএনপির প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, রামপাল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান,রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:
মাদক নির্মূল: ফয়লা বাজার, বাইনতলা ও কলেজ মোড় এলাকায় ইয়াবা-গাঁজার আড্ডা বন্ধে পুলিশি অভিযান ও স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধি।
সড়ক নিরাপত্তা: খুলনা-মোংলা মহাসড়কের রামপাল বাজার অংশে অবৈধ অটো-ভ্যান পার্কিং উচ্ছেদ এবং স্কুল ছুটির সময় অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ।
নদী ও বন: পশুর নদী ও সুন্দরবন লাগোয়া এলাকায় চোরাই কাঠ ও বন্যপ্রাণী পাচার রোধে থানা পুলিশ, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ টহল জোরদার।
সাইবার ক্রাইম: বিকাশ-নগদ প্রতারণা ও ফেসবুকে নারী হয়রানি রোধে সচেতনতা সভা এবং তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া।
সভাপতির বক্তব্যে ইউএনও মিস তামান্না ফেরদৌসী বলেন, একটি নিরাপদ ও মাদকমুক্ত রামপাল গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।