বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরিচালিত “ডেভিল হান্ট” বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন রামপাল উপজেলার গৌরম্ভ ইউনিয়ন শ্রীরম্ভা গ্ৰামের মৃত আফতাব উদ্দিন গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪০)। তিনি রামপাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই দিবাগত রাতে গৌরম্ভা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে রামপাল থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “রামপাল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
এই গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হোক।