“তরুণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে গড়ি আগামী” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলায় যথাযথ মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
১৩ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ:দা:) ডা. মো. শাহরিয়ার শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল এবং রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ ঘোষিত এবারের বৈশ্বিক প্রতিপাদ্য “Realizing the hopes and aspirations of young people – today and for the future” এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণ সমাজের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলেই টেকসই উন্নয়ন সম্ভব।
বক্তারা আরও বলেন, তরুণদের সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। পরিবার পরিকল্পনার মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হবে। অপরিকল্পিত জনসংখ্যা বৃদ্ধি খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর চাপ সৃষ্টি করে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসি বলেন, “আমাদের তরুণদের স্বপ্ন আছে, শক্তি আছে। তাদের সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তুলতে পারব।”
সভা শেষে জনসংখ্যা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও উপকরণ বিতরণ করা হয়।