দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী এবং মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর পৃথক চুক্তি স্বাক্ষর হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে ঢাকার কাওরান বাজারে ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
চুক্তি অনুযায়ী আগামী তিন অর্থবছর— ২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯ মেয়াদে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এর আওতায় মোট ২২ হাজার ৮১৫ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজিএমইএ ও বিকেএমইএর তত্ত্বাবধানে শ্রমিকদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ এবং বিইউএফটির ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণ কর্মসূচির সব ব্যয় বহন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল।
অনুষ্ঠানে জানানো হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য উৎপাদন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন রপ্তানি বাজারের কমপ্লায়েন্স ও ‘রুলস অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশে স্যুট কারখানার সংখ্যা বাড়ছে। তাই প্রচলিত ওভেন মেশিনারির পরিবর্তে সার্কুলার মেশিন ও কমপ্লায়েন্স-সংক্রান্ত বিষয়গুলো প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করা হলে কর্মসূচি আরও যুগোপযোগী ও ফলপ্রসূ হবে।
বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, দীর্ঘদিন পর প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালু হওয়ায় পোশাক খাতের শ্রমিক থেকে কর্মকর্তা—সবাই উপকৃত হবেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রশিক্ষণ মডিউলের আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন, কার্যকর মনিটরিং এবং প্রশিক্ষণপ্রাপ্তদের অর্জিত জ্ঞান শিল্পখাতে কতটা কাজে লাগছে, তা নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক ও সিএমসি প্রধান মো. রুহুল আমিন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিইউএফটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী হবে।