ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (২৪ জুন) থেকে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বুধবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রবেশপথ দিয়ে যানবাহন প্রবেশও নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি প্রবেশ করতে পারবে। এর মধ্যে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সংবাদমাধ্যমের গাড়ি, রাইড শেয়ার সেবা, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি বাহন এবং সরকারি গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশের ওপর আগের মতোই নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, পরিস্থিতি, অংশীজনদের মতামত এবং বাস্তব প্রয়োজনের আলোকে এ সিদ্ধান্ত ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা ও সংশোধন করা হতে পারে।