বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মালয়েশিয়া সফর শেষে দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে তিনি পরবর্তী রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে যাত্রা করেন।

মঙ্গলবার (২৩ জুন) প্রধানমন্ত্রীর এক বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তায় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ তিনি মালয়েশিয়া সরকারের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাবে গভীরভাবে মুগ্ধ হয়েছেন। তিনি উল্লেখ করেন, সফরকালে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কয়েক দশকের পুরোনো। এই সম্পর্কের ভিত্তি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান বহুমাত্রিক অংশীদারত্বকে আরও গভীর ও কার্যকর করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102