হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ার পর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে জারি করা হয়েছে এবং তা রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে।
এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। এছাড়া এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও রয়েছে
এ অবস্থায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল বন্ধ হচ্ছে না। আমরা অন্য বেসরকারি কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজটিকে যে কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সে হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। তারা কোন হাসপাতালের সঙ্গে কাজ করতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে আমাদের জানাতে হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বলছে, সাধারণত সরকারি-বেসরকারি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও সরকারি হাসপাতালে তরফ থেকে এই সুযোগ আদ্-দ্বীন পাচ্ছে না। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে হবে প্রতিষ্ঠানটিকে।