চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল। তবে হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ ও লাইসেন্সসংক্রান্ত তথ্য তুলে ধরে তিনি এ দাবি করেন।
শিশির মনির বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স (HSM 4310058) বাতিল করা হয়নি। বাতিল করা হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স (HSM 4310059)।’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এটি কি অবহেলা, নাকি সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে, তাহলে সেটি কী ধরনের অবহেলা—তা সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।’
পোস্টে তিনি উল্লেখ করেন, আদ্-দ্বীনের জন্য দুটি পৃথক লাইসেন্স রয়েছে। একটি হাসপাতাল পরিচালনার জন্য, যার নম্বর HSM 4310058। অন্যটি প্যাথলজি সেন্টার পরিচালনার জন্য, যার নম্বর HSM 4310059।
তার দাবি, গত ৪ জুন জারি করা কারণ দর্শানোর নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করা হয়েছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে জবাব দাখিল করা হয়। এরপর সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করা হয় এবং ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রাখা হয়।
শিশির মনির বলেন, ‘এখন প্রশ্ন হলো, কোন লাইসেন্স বাতিল হয়েছে—হাসপাতালের, নাকি প্যাথলজি সেন্টারের? বিষয়টি কর্তৃপক্ষই সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে।’
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়।