শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর, আহত কয়েকজন সদস্য

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনী নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে।

কোস্ট গার্ডের দাবি, মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানোর পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে কয়েকজন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে যৌথ অভিযান চলছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে কোস্ট গার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সুন্দরবনে বনদস্যু দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম ব্যাহত করতেই এসব অপতৎপরতা চালানো হচ্ছে বলে বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা কিংবা কুচক্রী মহলের ষড়যন্ত্র বাহিনীর দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না। এ বিষয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বাহিনীটি আরও জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, বনদস্যু দমন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা অপপ্রচারের মাধ্যমে এ কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102