সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

মেট্রোরেল আজ থেকে চলবে নতুন সময়সূচিতে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে মেট্রোরেল চলাচলের সময় রাতে উভয় দিকেই আরও ২০ মিনিট বাড়ানো হয়েছে। নতুন এ সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হচ্ছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বর্ধিত সময়ের জন্য প্রাথমিকভাবে দুই প্রান্ত থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন এই সময়সূচি নির্ধারণের আগে প্রায় এক মাস ধরে মাঠপর্যায়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেনটি এখন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এ স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে আগে সময় ছিল রাত ৯টা ৩০ মিনিট।

ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল। তবে রাতের বেলায় যাত্রীসংখ্যা কেমন হবে, তা যাচাইয়ের জন্য আপাতত ২০ মিনিট করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সাড়া ও চাহিদা বিবেচনায় ভবিষ্যতে সময় আরও বাড়ানো হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল শুরুর মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা চালু করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলের মাধ্যমে যাতায়াত করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102