শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ঈদের দিন সড়কে প্রাণ গেল ১৯ জনের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, ফরিদপুর, গাইবান্ধা, নড়াইল, টাঙ্গাইল, মাদারীপুর ও নরসিংদীতে এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন সোহাগ (৪০)। সঙ্গে ছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এ দুর্ঘটনায় আরও নিহত হন বাগেরহাটের চিতলমারী উপজেলার শাওন ঢালী ও শোয়েব শেখ। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

পটুয়াখালীতে প্রাণ গেল দুই তরুণের

পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬)।

ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তামিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ঈদের সকালে ঘুরতে বের হয়ে তারা আর বাড়ি ফিরতে পারেননি।

দিনাজপুরে মায়ের সঙ্গে ফেরার পথে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছে চার বছরের দুই শিশু—আব্দুল্লাহ ও আরিফা।

ঈদের সকালে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন মালেকা বেগম (৪৫)। উপজেলার মওলানা ভাসানী সেতুর উত্তরপ্রান্ত এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন হাসান আলী প্রধান (২৬) ও সিদ্দিক আলী (৩৫)।

ফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)। আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

নড়াইলে বাসের ধাক্কায় তরুণ নিহত

নড়াইলের লোহাগড়ায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন সাব্বির গাজী (১৮)। গুরুতর আহত হয়েছেন শওকত হোসেন (১৯)।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

কানন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মাদারীপুরে বাস থেকে ছিটকে প্রাণহানি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন সাত্তার হাওলাদার (৫৫)।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

নরসিংদী রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন সাথী বেগম (২৭) ও তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন।

ঈদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী সুজন মিয়া বলেন, আমার চোখের সামনে স্ত্রী-সন্তানকে হারালাম। অনেক চিৎকার করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় পরিবারটি রেললাইন পার হচ্ছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন গোপালগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল ও দিনাজপুর প্রতিনিধিরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102