যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের EK-220 ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের EK-582 ফ্লাইটে আগামীকাল শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো বিমানবন্দরে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়া বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই দিন পর থেকেই দূতাবাসের নির্দেশনায় মায়ামির বাংলাদেশ কনস্যুলেট তদন্তকারী পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আসছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী মরদেহ দেশে পাঠানোসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে দূতাবাস ও কনস্যুলেট।
স্থানীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। একইভাবে নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।
এর আগে, গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর বাংলাদেশ দূতাবাস, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
এদিকে, নিহত দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।
গত ৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে জানায়, কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ করা হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করবেন।