ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৫ মে) ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এবং এখন তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে একই জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরিসংক্রান্ত জটিলতার কারণে বাতিল হয়। পরবর্তীতে ২১ এপ্রিল নির্ধারিত সময়সীমা পেরিয়ে ১৯ মিনিট দেরিতে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে সেটি প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে নুসরাত তাবাসসুম আদালতের শরণাপন্ন হলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনার পর ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করে।