সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা আরও জোরদার এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের উদ্যোগে ৩ ও ৪ মে বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালায় Airport Security Programme (ASP) ও ICAO’র Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA) প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় দেশের আটটি বিমানবন্দরের প্রতিনিধিসহ মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। এতে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমকে আরও সুসংহত করা এবং আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। তিনি বলেন, সঠিকভাবে ASP প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করা হলে অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ শক্তিশালী হবে এবং আসন্ন ICAO অডিটে ভালো ফল অর্জন সহজ হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চিফ এভসেক ইন্সপেক্টর) ও ICAO অডিটর মোহাম্মদ আলমগীর। এ ছাড়া বিভিন্ন সেশনে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘মডেল ASP চেকলিস্ট’-এর বিভিন্ন ধাপ উপস্থাপন করা হয়, যা বিমানবন্দরের নিরাপত্তা প্রোগ্রাম প্রণয়ন, হালনাগাদ এবং অনুমোদন প্রক্রিয়াকে সহজ করবে বলে জানানো হয়।

বেবিচক সূত্র জানায়, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচি (NCASP) অনুযায়ী দেশের প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত ASP প্রস্তুত ও অনুমোদন বাধ্যতামূলক। এ উদ্যোগ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে সহায়ক হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের পর এই প্রথম বড় ধরনের এ অডিট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের এভিয়েশন খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আয়োজকদের আশা, সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি আসবে এবং নিরাপদ আকাশপথ নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102