সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

আগের পোশাকে ফিরছে পুলিশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

মেট্রোপলিটন এলাকার জন্য আগের সবুজ ও জেলা পর্যায়ে নীল রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি জানান, কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে।

সোমবার (৪ মে) রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও  বলেন, ‘পুলিশের বিদ্যমান পোশাক মানানসই হয়নি। নতুন পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ সদস্যরা। তাদের আবেদনের প্রেক্ষিতে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। ১ মে থেকে মাদকের বড় কারবারিদের ধরতে বিশেষ অভিযানে চলছে।’

৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অপরাধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

এ ছাড়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ইতিহাসের সবচাইতে সফল অধিবেশন দাবি করে তিনি বলেন, ‘এই অধিবেশনে সবচাইতে বেশি আইন প্রণয়ন হয়েছে।’ দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনকে দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল ও প্রাণবন্ত হিসেবে অভিহিত করেন তিনি।

বিরোধী দলের পক্ষ থেকে প্রথম অধিবেশনকে ব্যর্থ দাবি করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনই ছিল বেশ ‘লাইভলি’ ও ‘ভাইব্রেন্ট’, যেখানে সরকারি ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ সংসদে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আইন প্রণয়ন হয়েছে। যদিও বিতর্কের সংখ্যা সর্বাধিক না হলেও, আলোচনা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি ও বিরোধী দল উভয়ই তাদের অবস্থান তুলে ধরেছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল।’

মন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে অনেক ক্ষেত্রে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে। যৌথভাবে কমিটি গঠন এবং ঐক্যবদ্ধভাবে মতামত প্রদানের বিষয়টি জনগণ প্রত্যক্ষ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে মতবিরোধ ও ভিন্নমত থাকা স্বাভাবিক। বিরোধী দল তাদের মতামত প্রকাশ করেছে, পাশাপাশি সরকারও তাদের অবস্থান তুলে ধরেছে। এ ধরনের বিতর্কই গণতন্ত্রের মূল শক্তি। সব মিলিয়ে বর্তমান সংসদে মতবিনিময়, সহযোগিতা এবং গণতান্ত্রিক চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102