পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা গন্তব্যে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন হজযাত্রী রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা) এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের সমন্বয়ে হেল্প ডেস্ক এই তথ্য প্রকাশ করেছে।
হেল্প ডেস্ক জানায়, পরিচালিত ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই পুরুষ। সর্বশেষ ২৭ এপ্রিল আবদুল হাই (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়।
এর আগে, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন কার্যক্রম চলবে।
পরবর্তীতে ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।