ঘন ঘন লোডশেডিংয়ের প্রেক্ষাপটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে সংস্থাটি।
বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ঘাটতি এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিকম টাওয়ার ও নেটওয়ার্ক সার্ভারগুলো অকার্যকর হয়ে পড়ছে। এতে দেশের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সরাসরি গ্রাহকসেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর (এমএনও) এবং টাওয়ার অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিটিআরসি টেলিযোগাযোগ খাতে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও অনুভূত হওয়ায় মোবাইল নেটওয়ার্ক, ডেটা সেন্টার এবং কোর নেটওয়ার্ক সাইটগুলো সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), মোবাইল অপারেটর, এনটিটিএন ও টাওয়ার কোম্পানির শীর্ষ নির্বাহী এবং অ্যামটবের প্রতিনিধিরা অংশ নেবেন।