জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি কমেনি। রোববার (১৯ এপ্রিল) ভোর থেকেই বিভিন্ন পাম্পে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে।
রাজধানীর আসাদ গেট ও পরীবাগ এলাকার একাধিক ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, আগের মতোই সীমিত সরবরাহে তেল দেওয়া হচ্ছে। মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। অনেকের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না।
দাম বাড়ার পরও গ্রাহক পর্যায়ে স্বস্তি না আসায় অসন্তোষ বাড়ছে। বেশকিছু পাম্পে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল সরবরাহ করা হচ্ছে না, ফলে ভোগান্তি আরও বেড়েছে।
সরকার সম্প্রতি বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।
এদিকে ভোক্তাদের আশঙ্কা, জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পাম্পেই সীমাবদ্ধ থাকবে না; পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে।