ঢাকায় পৌঁছেছে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশে অবতরণ করে মরদেহবাহী বিমান বাংলাদেশের বিজি ৫৮৫ ফ্লাইটটি। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী। তার ভাই প্রয়াত মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি।
দিলারা হাফিজের কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া অধ্যাপক দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।