এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। প্রেক্ষাগৃহে প্রদর্শনীর সংখ্যা তুলনামূলক কম হলেও দর্শক উপস্থিতির দিক থেকে সিনেমাটি রীতিমতো চমক দেখাচ্ছে। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি মুক্তির মাত্র ছয় দিনেই বক্স অফিসে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে।
মাল্টিপ্লেক্সগুলোর তথ্য অনুযায়ী, ঈদের দিন থেকে ‘রাক্ষস’ সিনেমাটির প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হচ্ছে। শো সংখ্যা কম হওয়া সত্ত্বেও দর্শকদের উপচেপড়া ভিড় সিনেমাটিকে ব্যবসায়িকভাবে এগিয়ে নিয়েছে। চলচ্চিত্রবিষয়ক প্ল্যাটফর্ম ‘বিএমআর’-এর পরিসংখ্যান বলছে, মুক্তির প্রথম সাত দিনেই মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট আয় (গ্রস) দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা। এর মাধ্যমে ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দ্রুততম সময়ে কোটির ক্লাবে প্রবেশ করা তৃতীয় সিনেমা হিসেবে নাম লেখাল ‘রাক্ষস’।
গতকালও স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ১৮টি শোর মধ্যে ১০টিই ছিল পুরোপুরি ‘হাউসফুল’। আর বাকি দুটিতেও ছিল দর্শকদের উপচেপড়া উপস্থিতি। দর্শকদের পক্ষ থেকে শো সংখ্যা বাড়ানোর দাবি জোরালো হলেও এখন পর্যন্ত তা অপরিবর্তিত রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিয়েল এনার্জি প্রোডাকশন’-এর দাবি, টিকিটের অভাবে অনেক দর্শক ফিরে যাচ্ছেন কিংবা অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। শো সংখ্যা বাড়ানো হলে আয়ের অংক আরও বড় হবে বলে তারা আশাবাদী।
সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, “স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন আমাদের সিনেমার টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। দর্শক গল্পের সাথে মিশে যেতে পারছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় সার্থকতা।”
রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, সোহেল মণ্ডল এবং বলিউডের শাতাফ ফিগার। বিশেষ চমক হিসেবে একটি গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
মাল্টিপ্লেক্সের সাফল্যের পর আগামী সপ্তাহ থেকে সিনেমাটি দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। একইসঙ্গে মাল্টিপ্লেক্সগুলোতে শোর সংখ্যা বৃদ্ধির জন্য হল কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানানো হয়েছে।