বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

পর্যটনে গতি আনতে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রস্তাব নেপালের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বিশেষ করে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন শিল্পের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেপালের রাষ্ট্রদূত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি মনে করেন, বিমানবন্দরটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং পর্যটন ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ ছাড়া ঢাকা–কাঠমান্ডু রুটে বিমান ভাড়াকে আরও যৌক্তিক পর্যায়ে আনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়েও মতবিনিময় হয়। পর্যটন খাতকে এগিয়ে নিতে উভয় দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের রাষ্ট্রদূতের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102