বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে ৭ ও ৮ এপ্রিল তিনি দিল্লি সফর করবেন। বিএনপি সরকার গঠনের পর এটি হবে বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এ ছাড়া ভারত সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আলোচনা চলছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে।
দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনার পাশাপাশি ভারত সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দিল্লির মনোভাব ইতিবাচক বলে সেখানকার কূটনৈতিক পর্যবেক্ষকেরা জানিয়েছেন।
২০ মার্চ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাতের পরপরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি চূড়ান্ত হয়, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।