অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির (ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম) নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো।
সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার-এর এম-বিল্ডিং-এর সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, অর্থ পাচার এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনওডিসি-এর বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময় সারা দেশের ৮৯ জন পুলিশ সুপার (এসপি) এবং ৫৭৪ জন ওসিকে বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নির্বাচনি আইন সংবলিত হ্যান্ডবুক তৈরিতে ইউএনওডিসি-এর ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রভাব ফেলেছে।
বৈঠকে মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এই সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসি-এর কারিগরি সহায়তা, নীতি-নির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি আধুনিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা বর্তমান সরকারের শীর্ষ অগ্রাধিকার।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।