ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কের জ্বালানি পাম্পগুলো নিরবচ্ছিন্নভাবে খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন দেশের মহাসড়কসংলগ্ন সব তেলের পাম্প ২৪ ঘণ্টা চালু থাকবে।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের সমস্যা যেন না হয়, সে জন্য আগেভাগেই বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মহাসড়কের জ্বালানি স্টেশনগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, সম্ভাব্য যানজটের ঝুঁকি রয়েছে এমন ২০৭টি স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সার্বিক প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে। যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে দীর্ঘ সময় আটকে না থাকেন, সে লক্ষ্যেই সরকার সমন্বিতভাবে কাজ করছে।
এ ছাড়া ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি। বিষয়টি কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।