চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানান শিক্ষার্থীরা। এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সড়কে দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনও আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।
তিনি বলেন, আমি যেখানে যাব, সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজন করার প্রয়োজন নেই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এহছানুল হক মিলন বলেন, তোমরা আর কখনও রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।
এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।