শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কে হচ্ছেন নতুন ‘স্পিকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি দলের সংসদীয় সভা বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়। এতে সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কে দায়িত্ব পাবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকেই।

এ ছাড়া সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি সম্পর্কেও আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের বসাতে চায় বিএনপি। স্পিকার পদের জন্য আলোচনায় রয়েছেন ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন।

একাধিক হুইপ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া এখনো নিশ্চিতভাবে কেউ জানেন না, কে হচ্ছেন নতুন স্পিকার বা ডেপুটি স্পিকার। সংসদ পরিচালনায় অভিজ্ঞদের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়া হতে পারে।

এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও আলোচনায় রয়েছে। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেও আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা এবং সংবিধান ও সংসদীয় বিধিবিধান সম্পর্কে দক্ষতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে একজনকে মনোনয়ন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামকে একটি নাম প্রস্তাব করতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দলের পক্ষ থেকে মৌখিকভাবে এবং সাক্ষাতে বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তারা ডেপুটি স্পিকারের জন্য একজনের নাম ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিনই একসঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

তবে জামায়াতে ইসলামী এ প্রস্তাব গ্রহণ না করলে প্রথম দিনেই দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করবে বিএনপি। এ পদটির জন্যও কয়েকটি নাম আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তবে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে থাকায় নতুন অধিবেশন শুরু করতে একজন সভাপতির প্রয়োজন হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102