রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সরকারি দলের সংসদীয় সভা শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা শুরু হয়।

এর আগে সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভায় আলোচনা হতে পারে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

এ ছাড়া প্রথম অধিবেশনের সভাপতি নির্ধারণ, নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করবেন সংসদ নেতা। এ বিষয়ে সভা থেকেই সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102