শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী-বৃদ্ধদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান। তবে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

ভাড়া ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখালে এই ছাড় পাবেন। এছাড়া ভ্রমণের সময় (অনবোর্ড) এবং টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া কার্ডটি কার্যকর হবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না, সে বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।

রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘আমরা রেলের সেবার মান ও গতি বৃদ্ধি করতে চাই। বর্তমানে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এর ফলে রেল আরো শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীচাপ সামলাতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) ব্যবহারের চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, এটি সম্ভব হলে কোনো শিডিউল বিপর্যয় হবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা সহজ হবে।

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি করছে। বাস মালিকদের পক্ষ থেকে যাতায়াতের সময় সেতুর টোল মওকুফের একটি দাবি করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্য কোথাও দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি লোক শহর ছাড়ে না। এর ফলে একটি বিশাল চাপের সৃষ্টি হয়। ইনশাআল্লাহ, যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে একটি স্বস্তিদায়ক ও আরামদায়ক ঈদযাত্রা হবে বলে আমরা আশা করছি।’

ঈদযাত্রা আরো সহজ করতে একদিনের ছুটি বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। বিষয়টি এখনো বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি, তবে পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আসতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102