রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

অবশেষে বিয়ে করলেন জেন্ডায়া ও টম হল্যান্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

হলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি জেন্ডায়া-টম হল্যান্ডের পরিণয় নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো। বিশ্বজুড়ে কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড সুপারস্টার জেন্ডায়া ও টম হল্যান্ড। সম্প্রতি ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ এই তারকা জুটির বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানের লালগালিচায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ল রোচ জানান, এই জনপ্রিয় জুটি ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলো পুনরায় নিশ্চিত হতে চাইলে তিনি হেসেই ইতিবাচক সায় দেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখেন এই দম্পতি, তবে ঘনিষ্ঠ সূত্রের এই স্বীকারোক্তি ভক্তদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

২০১৬ সালে ‘স্পাইডারম্যান : হোমকামিং’-এর সেটে প্রথম দেখা হয়েছিল জেন্ডায়া ও টমের। পর্দার রসায়ন বাস্তবে রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। ২০২১ সালে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড জেন্ডায়াকে প্রথমবার নিজের ‘বাগদত্তা’ হিসেবে উল্লেখ করেছিলেন, যা তাদের বিয়ের গুঞ্জনকে আরও উসকে দেয়।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জগতেও এই দম্পতি একে অপরের পরিপূরক। ২০২৬ সালে তাদের দুটি বড় প্রজেক্টে একসাথে দেখা যাবে। এ বছরই জুনে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’। জুলাইয়ে খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’-তে স্ক্রিন শেয়ার করবেন তারা।

একসঙ্গে কাজ করা প্রসঙ্গে টম হল্যান্ড সব সময়ই ইতিবাচক। তার মতে, জেন্ডায়ার সঙ্গে কাজ করা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। অন্যদিকে জেন্ডায়াও তার জীবনসঙ্গীর ওপর অগাধ আস্থা প্রকাশ করে জানিয়েছেন, টমের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোটা তার কাছে অত্যন্ত স্বাভাবিক এবং নিরাপদ মনে হয়।

দীর্ঘ এক দশকের বন্ধুত্ব আর প্রেমের পর এই জুটির বিয়ের খবর হলিউডের ইতিহাসে অন্যতম সফল এক রোমান্টিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102