ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ভূমিকম্প-পরবর্তী ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, সম্প্রতি ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে সে বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ওই সময়ে (ভূমিকম্প) লোকজনকে সরিয়ে নিতে ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু নির্দেশনা দিয়েছেন তিনি।
‘স্বেচ্ছাসেবক কি শুধু ঢাকার জন্য থাকবে’—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে এক লাখ। যেভাবে ভলান্টিয়ার কোস্টাল এরিয়ার মধ্যে আছে, ঠিক একই মডেলে আমরা ঢাকায় করব—সেটা নিয়ে আমরা কাজ করছি।
আসাদুল হাবিব দুলু বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী ১১ তারিখ আবার বসে এটার ফলোআপ দেব।
ভূমিকম্প হলে উদ্ধার সক্ষমতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এই ক্যাপাবিলিটি বিল্ড-আপের জন্যই আলোচনাগুলো হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেসব সরঞ্জাম আমরা সংগ্রহ করেছি, এগুলোর কিছু আর্মড ফোর্সেস ডিভিশনে দিয়েছি, কিছু ফায়ার সার্ভিসকে দিয়েছি।