রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আপনাদের কাজ করতে হবে। তিনি বলেছেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরই কাজ করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সভায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সেই সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।’

তারেক রহমান বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনি মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারীশিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান।

তিনি বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করেন। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এ লক্ষ্য অর্জন করতে পারব।’ এ ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এ ছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে, সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহদী আমিন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধানরা ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102