শিক্ষকদের ঈদ বোনাস ১০০ ভাগ দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আগে ঈদ বোনাস ছিল ২৫ শতাংশ, সেখানে অন্তর্বর্তী সরকার সেটিকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। তবে ১০০ ভাগ দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। এটি নতুন বাজেটে অন্তর্ভুক্ত নেই, তাই কার্যকর করতে সময় লাগবে। শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো,আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘উৎসব ভাতা শতভাগ করতে গেলে বাজেটের বিষয় রয়েছে। এটা আমরা পর্যালোচনা করবো। এটা দিতে একটু সময় দিতে হবে। এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো, সে বিষয়ে আলোচনা করবো। কিন্তু এটি নতুন বাজেটে ইনক্লুড নেই, তাই অনেক বিষয় আছে এখানে।’
এর আগে, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। এই ভাতা শতভাগ করা হবে।’