ফিটনেস দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী অ্যাথলেট মায়াঙ্ক পাওয়ার আর নেই। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাত্র ৩৭ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। জনপ্রিয় এই ক্রীড়াবিদ ও রিয়ালিটি শো তারকার আকস্মিক মৃত্যুতে ক্রীড়া ও বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
জন্মদিন উদযাপনের মাসেই বিদায় চলতি বছরের ১ জানুয়ারি ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেছিলেন মায়াঙ্ক। কে জানত, তার কয়েক সপ্তাহ পরই ভক্তদের কাঁদিয়ে বিদায় নেবেন এই সুঠাম দেহের অধিকারী তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অগণিত ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোকবার্তায় স্মরণ করছেন তাদের প্রিয় মেন্টরকে।
স্মরণ ও প্রার্থনা সভা মায়াঙ্কের পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণা হিসেবে মায়াঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’ তার বিদেহী আত্মার শান্তি কামনায় আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে সব শুভানুধ্যায়ীকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সাফল্য ও পরিচিতি মায়াঙ্ক পাওয়ার বডি বিল্ডিং জগতে এক অনন্য নাম ছিলেন। রেকর্ড সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয় করা তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। তবে সাধারণ দর্শকদের কাছে তিনি ব্যাপক পরিচিতি পান জনপ্রিয় রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’-এর সপ্তম আসরে অংশ নেওয়ার পর। প্রতিযোগিতায় তার ধীরস্থির স্বভাব, নিয়মনিষ্ঠা এবং হার না মানা মানসিকতা দর্শকদের নজর কেড়েছিল।
তার এই অকাল প্রয়াণ ফিটনেস জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। অসংখ্য তরুণ বডি বিল্ডারের কাছে মায়াঙ্ক ছিলেন এক মূর্ত আদর্শ।