বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে কোনো ‘গণভোট’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। তবে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে সেখানে ভোট বাতিল করা হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
ইসি সচিব বলেন, ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাই চলবে ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই। গণভোটের ব্যবধান বিবেচনায় এটি অন্তর্ভুক্ত না করলেও কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।