নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৯ নম্বর ওয়ার্ড ছাতারভাগ যুবদলের সভাপতি রাকিব হোসেন। তার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হঠাৎ করে বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দলীয় আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি মো. সাকিউল আযম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।