বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। এ দিন বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শপথ নেন তারেক রহমান। এরপর একে একে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
নতুন মন্ত্রিসভায় জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। পাশাপাশি তরুণ প্রজন্মের বেশ কয়েকজন নেতাকে প্রতিমন্ত্রী করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন এবং রাষ্ট্রপতির কাছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম সুপারিশ করেন। রাষ্ট্রপতি অনুমোদনের মাধ্যমে তাদের নিয়োগ দেন। নিয়োগ ও শপথ গ্রহণের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়কেই সংসদ সদস্য হতে হয় অথবা টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে হয়।
‘রুলস অব বিজনেস-১৯৯৬’ অনুযায়ী পূর্ণ মন্ত্রী একটি বা একাধিক মন্ত্রণালয়ের সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক প্রধান। নীতিনির্ধারণী সিদ্ধান্ত তার অনুমোদনেই চূড়ান্ত হয়। প্রতিমন্ত্রী সাধারণত পূর্ণ মন্ত্রীর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্ত্রিসভার বৈঠকে পূর্ণ মন্ত্রীরাই নিয়মিত সদস্য এবং ভোটাধিকারপ্রাপ্ত। প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ ছাড়া সাধারণত অংশ নেন না। তবে কোনো মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রীকে ‘স্বাধীন দায়িত্ব’ দেওয়া হলে তিনি প্রায় পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা ভোগ করেন, যদিও পদমর্যাদা অপরিবর্তিত থাকে।
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুযায়ী, পূর্ণ মন্ত্রীদের অবস্থান প্রতিমন্ত্রীদের চেয়ে উঁচু। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও বেশি। প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফাইল সরাসরি পূর্ণ মন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী সাধারণত মন্ত্রীর বরাদ্দ করা ফাইল নিয়ে কাজ করেন।
জবাবদিহির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। মন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকেন, আর প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে যৌথভাবে দায়বদ্ধ।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে ক্ষমতা ও মর্যাদাগত পার্থক্য থাকলেও রাষ্ট্র পরিচালনায় উভয় পদই গুরুত্বপূর্ণ। মন্ত্রী যেখানে নীতিনির্ধারণের চালিকাশক্তি, প্রতিমন্ত্রী সেখানে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সহায়ক।