বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছে দলটির সমর্থিত শোবিজ তারকার একাংশ।
ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারে গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান।
তিনি জানান, গত ১৭ বছরে বিএনপি সমর্থিত অনেক শিল্পীই দেশে থাকতে পারেননি। যারা ছিলেন, তারাও হয়েছেন নির্যাতিত। তিনি তাদেরই একজন। নির্বাচন-পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে একটি সিট পাওয়ার প্রত্যাশা এই অভিনেত্রীর।
বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রিনা খান। জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আগামীতে সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে যেতে পারেন কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা।