শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমান বাহিনী প্রধানের ব্রিফিং

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সি-১৩০ হ্যাঙ্গারে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে বিমান বাহিনী প্রধান নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক জারি করা নির্দেশনা এবং নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োগ করতে হবে। সফলভাবে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে মাঠ পর্যায়ে ১ হাজার ২৫০ জন সদস্য আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ দিন মোতায়েন থাকবেন। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দেশের ২১টি জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) সার্বক্ষণিকভাবে প্রস্তুত ও নিয়োজিত রয়েছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণসহ বিমান বাহিনী সদর দপ্তর এবং বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102