মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প ও পেত্রোর মধ্যে সমঝোতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কয়েক মাস ধরে চলা বিরোধের পর হোয়াইট হাউসে মুখোমুখি বৈঠকের মধ্য দিয়ে সমঝোতার পর্বে প্রবেশ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উভয় প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের প্রথম মুখোমুখি বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ছিল।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, বৈঠকের পর দুই নেতা একে ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তারা স্বীকার করেন, তাদের মধ্যে এখনো নানা মতপার্থক্য ও টানাপোড়েন রয়ে গেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গুস্তাভো পেত্রো ট্রাম্পের সঙ্গে তার আগের উত্তপ্ত সম্পর্ক নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান। উল্লেখ্য, অতীতে পেত্রো প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন।

 

এ বিষয়ে কথা না বাড়িয়ে পেত্রো বলেন, এটি ছিল ‘দুই সমান মর্যাদার মানুষের বৈঠক, যাদের চিন্তাভাবনা ভিন্ন।’ পেত্রো বলেন, ‘তিনি তার চিন্তাধারা বদলাননি, আমিও বদলাইনি। কিন্তু তাহলে কীভাবে কোনো চুক্তি বা সমঝোতা হয়? এটা যমজ ভাইদের মধ্যে হয় না। এটা হয় বিরোধীদের মধ্যে।’

 

অন্যদিকে ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, বৈঠক নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি মনে করি, বৈঠকটি দারুণ ছিল।’ দুই নেতার আলোচ্যসূচিতে ছিল আন্তর্জাতিক মাদক পাচার দমন এবং লাতিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতিসহ নানা বিষয়।

 

ট্রাম্প ও পেত্রোর বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে এবং পুরো সময়টা ছিল রুদ্ধদ্বার। তবে বৈঠক শেষে দুই নেতা একে অপরের সম্পর্কে বেশ ইতিবাচক মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পেত্রো জানান, ট্রাম্প তাকে কয়েকটি উপহার দিয়েছেন। এর মধ্যে ছিল তাদের বৈঠকের একটি স্মারক ছবি, যার সঙ্গে ট্রাম্পের স্বাক্ষর করা একটি নোট ছিল। নোটে লেখা ছিল, ‘গুস্তাভো—দারুণ সম্মান। আমি কলম্বিয়াকে ভালোবাসি।’

 

আরেক পোস্টে পেত্রো দেখান, ট্রাম্পের লেখা বই দ্য আর্ট অব দ্য ডিলের একটি কপি। বইটির শিরোনাম পাতায় ট্রাম্প লিখেছেন, ‘আপনি খুবই চমৎকার।’ এই বিষয়ে মজা করে পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ ভাষায় লেখেন, ‘কেউ কি আমাকে বলতে পারে, এই উৎসর্গ বার্তায় ট্রাম্প কী লিখেছেন? আমি ইংরেজি খুব একটা বুঝি না।’

 

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাত্র ছয় দিনের মাথায়, ২০২৫ সালের ২৬ জানুয়ারি প্রথমবারের মতো ট্রাম্প-পেত্রোর প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো দুটি অভিবাসন প্রত্যাবাসন ফ্লাইট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে হুমকি দেন।

 

পেত্রো ওই ফ্লাইটে থাকা ব্যক্তিদের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আপত্তি জানান। অন্যদিকে ট্রাম্প পেত্রোর প্রথম দফায় ফ্লাইট গ্রহণে অস্বীকৃতিকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করেন। পরে ট্রাম্প কলম্বিয়ার পণ্যের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিলে পেত্রো অবস্থান বদলাতে বাধ্য হন।

 

এর পরের মাসগুলোতেও দুই নেতা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যান। উদাহরণ হিসেবে বলা যায়, ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর নৌযানে চালানো প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করেন পেত্রো। তিনি এসব হামলাকে হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন। এ ছাড়া ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে চালানো মার্কিন সামরিক অভিযানেরও সমালোচনা করেন পেত্রো। তিনি বলেন, এটি কার্যত ‘অপহরণের’ শামিল।

 

এর পাল্টা পদক্ষেপ হিসেবে ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে পেত্রোর বক্তব্যের পর তার মার্কিন ভিসা বাতিল করেন। ওই সময় পেত্রো যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভেও অংশ নেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসন গত অক্টোবরে পেত্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। প্রশাসনের অভিযোগ ছিল, বামপন্থি এই নেতা কলম্বিয়ায় ‘মাদক কার্টেলগুলোকে ফুলেফেঁপে ওঠার সুযোগ দিচ্ছেন।’

 

চলতি বছরের ৩ জানুয়ারি মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প পেত্রোর উদ্দেশে সতর্কবার্তা দেন। তিনি বলেন, পেত্রোর উচিত ‘নিজের পশ্চাদ্দেশ সামলে রাখা।’ এই মন্তব্যকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক হুমকি হিসেবেও অনেকে ব্যাখ্যা করেন।

 

তবে গত মাসে দুই নেতার সম্পর্কে কিছুটা বরফ গলতে শুরু করে। ৭ জানুয়ারি তারা প্রথমবারের মতো ফোনে কথা বলেন। মঙ্গলবারের এই সরাসরি বৈঠক ছিল সম্পর্কের আরেকটি নতুন অধ্যায়। তবে উত্তেজনা কমলেও দুই নেতা বৈঠকের পর দেওয়া বক্তব্যে নিজেদের মতপার্থক্য স্পষ্টভাবে তুলে ধরেন।

 

প্রথমে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, বৈঠকের আগে তাদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ছিল। তিনি বলেন, ‘তিনি আর আমি খুব ভালো বন্ধু ছিলাম না। তবে আমি অপমানিত হইনি, কারণ আমি তাকে আগে কখনো দেখিনি।’ তিনি আরও বলেন, মঙ্গলবারের বৈঠকটি আনন্দদায়ক ছিল। তার ভাষায়, ‘আমি তাকে একদমই চিনতাম না, আর আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছে।’

 

অন্যদিকে পেত্রো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কলম্বিয়ার দূতাবাসে দীর্ঘ এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের বিষয়গুলো তুলে ধরেন। তিনি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রসঙ্গ তোলেন, যেটিকে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে। এ ছাড়া তিনি কার্বন-নিরপেক্ষ টেকসই জ্বালানি উদ্যোগের কথাও বলেন। উল্লেখ্য, ট্রাম্প অতীতে সবুজ জ্বালানি কর্মসূচিকে ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়েছেন।

 

সবচেয়ে বড় মতবিরোধের জায়গা ছিল মাদক পাচার দমনের কৌশল নিয়ে। কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক দেশ। বৈশ্বিক কোকেন উৎপাদনের ৬৮ শতাংশই আসে এই দেশ থেকে। ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জলসীমা ও ভেনেজুয়েলায় প্রাণঘাতী সামরিক হামলার পক্ষে যুক্তি হিসেবে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছে। যদিও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এসব হামলাকে অবৈধ বলে নিন্দা করেছেন।

 

এ ছাড়া ট্রাম্প প্রশাসন বৈশ্বিক মাদকবিরোধী অভিযানে সহযোগী হিসেবে কলম্বিয়ার স্বীকৃতি বাতিল করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, পেত্রো যদি কোকোগাছ ধ্বংস এবং কোকেন উৎপাদন ও পাচার কমাতে ‘আরও কঠোর ব্যবস্থা’ নেন, তাহলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। তবে পেত্রো নিজেকে মাদক পাচারের বিষয়ে নরম হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা নাকচ করেন। তিনি বলেন, তাঁর সরকার ইতিহাসে সবচেয়ে বড় মাদক জব্দের নজির স্থাপন করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102