সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পথ হারিয়ে রিফাতের কান্না, আনসারের চেষ্টায় মিলল আপন ঠিকানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে পথ হারিয়ে কান্নাকাটি করছিল ৮ বছরের শিশু রিফাত। শিশুটিকে দেখে এগিয়ে আসেন আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রিফাতকে ফিরিয়ে দেওয়া হয় আপন ঠিকানায়।

রিফাত যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের কুস্তিঘাটা গ্রামের আলম হোসেনের ছেলে। তার বাবা আলম হোসেন চোখে কম দেখেন। মা হাসি বেগম মারা গেছেন। পাঁচ ভাইয়ের মধ্যে রিফাত সবার ছোট।

জানা গেছে, সকালে বাসে করে চুড়ামনকাটি বাজার এলাকায় আসে রিফাত। পরে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেললে বাজারে কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান সিংহঝুলি ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান।

তিনি রিফাতের কাছে গিয়ে তার পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে চান। শিশুটি বাড়ির ঠিকানা জানালে জগদীশপুর ইউনিয়নের দলপতি তারেকের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে রাত ১০টার দিকে সিংহঝুলি ইউনিয়নের মল্লিক বাড়ি এলাকায় রিফাতকে তার বড় ভাই আরাফাত হোসেনের কাছে হস্তান্তর করা হয়। ভাইকে ফিরে পেয়ে স্বস্তি ফেরে পরিবারে।

আনসার প্লাটুন কমান্ডার মাহাবুর রহমান জানান, কান্নারত শিশুটিকে দেখে কাছে গিয়ে তার পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে পারি। পরে স্থানীয় আনসার সদস্যদের সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করি। শিশুটিকে নিরাপদে স্বজনদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।

রিফাতের বড় ভাই আরাফাত হোসেন জানান, ভাইকে নিয়ে তারা খুব দুশ্চিন্তায় ছিলেন। আনসার সদস্যদের সহযোগিতায় তাকে নিরাপদে ফিরে পেয়েছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102