শুধু কাজ নয়, একটি সুস্থ ও প্রাণবন্ত কর্মপরিবেশ গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মিত বিনোদনের সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন দেশসেরা ও বিশ্বস্ত শিল্পপ্রতিষ্ঠান ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মারুফ সাত্তার আলী। তিনি বলেন, কর্মক্ষেত্রে ব্যস্ততার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দলগত চেতনা আরও শক্তিশালী করতে খেলাধুলা ও বিনোদনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের অ্যাথলেট হাব ভেন্যুতে অনুষ্ঠিত ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
মারুফ সাত্তার আলী বলেন, একাধারে প্রতিদিন কাজ করতে করতে প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে যাতে একঘেয়েমি কাজ না করে, সেখান থেকে বের হতে প্রতিটি করপোরেট প্রতিষ্ঠানেরই এমন ঘরোয়া ও বিনোদনমূলক আয়োজন করা উচিত।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় গ্রুপ পর্ব, নকআউট পর্ব এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেলসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ১২টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় কিংস অব ভাইয়া এবং ভাইয়া টাইগার্স।
রুদ্ধশ্বাস ফাইনালে ৩–০ গোলের ব্যবধানে কিংস অব ভাইয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভাইয়া টাইগার্স। দলের হয়ে ওয়াসিম একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, যা পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা ক্রীড়া নৈপুণ্য হিসেবে প্রশংসিত হয়।
অবশ্য টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠের লড়াই উপভোগ করতে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও অসংখ্য ক্রীড়ামোদী দর্শক। তাদের করতালি ও উচ্ছ্বাসে পুরো ভেন্যু উৎসবমুখর হয়ে ওঠে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী। এ সময় ভাইয়া গ্রুপের পরিচালক মিজানুর রহমান রিপন, পরিচালক সুজাউল হাসান, চৌধুরী মাহমুদ আলীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও দলগত মনোভাব বৃদ্ধি করা। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের ফুটসাল টুর্নামেন্ট নতুন উদ্দীপনা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো— ভাইয়া টাইগার্স, ভাইয়া এলিট স্ট্রাইকার্স, পল্টন স্ট্রাইকার্স, ভাইয়া সিটিসি লিজেন্ড, কিংস অব ভাইয়া, বুলেট স্টর্ম, শাইনিং স্টার, ভাইয়া রাইডার্স এফসি, ভাইয়া ভাইকিংস, ভাইয়া টাইটানস, ভাইয়া আলফা স্কোয়াড এবং ভাইয়া রয়্যালস।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ‘ভাইয়া গ্রুপ অ্যানুয়াল ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধন করেন ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী।