রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা পোশাক ব্যবসায়ীর এক কোটি টাকার ব্যাগ নিয়ে গাড়িচালক পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।টাকা লুটের ঘটনায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের জিএম আকরামুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় গাড়িচালক জাহিদ হাসানকে (৩০) আসামি করা হয়েছে। অভিযুক্ত জাহিদ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, চলতি বছরের ৩ এপ্রিল থেকে অভিযুক্ত জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

সন্ধ্যা ৭টায় রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলে গাড়ি থামিয়ে খাবার খেতে নামেন ইউ শ্যালী। এর মধ্যেই জাহিদ গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগ ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি রাজধানীর গুলশানের একটি কফিশপের পার্কিং এ পাওয়া যায়। ঘটনার পর থেকে চালকের মুঠোফোন বন্ধ।মামলার বাদী আকরামুল ইসলাম বলেন, জাহিদ আমাদের চেয়ারম্যানের মোবাইলে দুঃখ প্রকাশ করে মেসেজ পাঠায়। সেখানে লিখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’

তার মেসেজের ভিত্তিতেই গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়। ইউ শ্যালী প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। গাজীপুরে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ ছাড়াও অন্য দেশে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ–সার্কেল) মেহেদী ইসলাম বলেন, টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102