মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত মাহফিল ও নাতে রাসূল (সাঃ)’।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েট এ অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব, কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিকস ও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রিদওয়ানুল হক।
এ সময় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম, সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী (সাঃ)-এর কর্মময় জীবন, মানবিকতা, নৈতিকতা ও ইসলামের বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যক্তি ও সমাজজীবনে মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নাতে রাসূল (সাঃ) পরিবেশন করা হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের একটি দলও অংশগ্রহণ করে।
সিরাত মাহফিল উপলক্ষে রুয়েট শিক্ষার্থীদের জন্য মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে ২০ থেকে ২৩ সিরিজ এবং ‘খ’ বিভাগে ২৪ থেকে ২৫ সিরিজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।
‘ক’ বিভাগে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন।
অন্যদিকে, ‘খ’ বিভাগে যন্ত্রকৌশল বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম এবং পুরকৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম বিজয়ী হন।
আয়োজক সংগঠনের সভাপতি ও ইসিই বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুহায়েল আহমেদ বলেন, মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তরুণ প্রজন্মের কাছে এই আদর্শের শিক্ষা পৌঁছে দেওয়া এবং ইসলামী সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় বক্তা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণেরও সুযোগ রাখা হয়েছিল।