প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীর উপস্থিতি নিশ্চিত না হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) সকাল ১০টায় প্রশাসন ভবনে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত শর্ত অনুযায়ী কমপক্ষে তিনজন প্রার্থীর উপস্থিতি না থাকায় শেষ মুহূর্তে বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, গত ৪ মার্চ সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ বিভাগের অফিস কক্ষে এক কর্মচারীর হাতে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বিভাগের দুই শিক্ষকসহ কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে বিভাগের আরেক শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় বিভাগটির শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এ পরিস্থিতিতে বিভাগে শিক্ষক সংকট কাটাতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে সহকারী অধ্যাপক পদে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তির বিপরীতে তিনজন প্রার্থী আবেদন করলেও নিয়োগ বোর্ডের দিন একজন অনুপস্থিত থাকায় মাত্র দুজন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক পদে তিনজন আবেদন করেছিলেন। কিন্তু বোর্ডের দিন দুজন উপস্থিত ছিলেন। ন্যূনতম তিনজন প্রার্থী উপস্থিত না থাকলে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করা যায় না। তাই বোর্ড বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে পরবর্তী অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন নিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর বিধি অনুযায়ী নতুন করে নিয়োগ বোর্ড আয়োজন করা হবে।